-মাওলানা সফিউল্লাহ ফুআদ
এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়ার ঘটনা আকাবিরদের জীবনে অসংখ্য রয়েছে। উদাহরণস্বরূপ হযরত হাকিমুল উম্মত থানবি রহ. (১২৮০ - ১৩৬২ হি.) কানপুর থেকে থানাভবনে স্থানান্তর হয়েছেন, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরি রহ. (১২৯২ - ১৩৫২ হি.) দারুল উলুম দেওবন্দ থেকে ডাবেল গিয়েছেন এবং শায়খুল ইসলাম মাদানি রহ. (১২৯৬ - ১৩৭৭ হি.) সিলেট থেকে দেওবন্দ গিয়েছেন। সুতরাং মাদানীনগর মাদরাসায় ১৬ বছর খেদমত করার পর যদি মাদরাসার সকল উস্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন ব্যক্তিগত কারণে আমি অন্য কোথাও স্থানান্তরিত হই, তাহলে আমি একে আকাবিরদের অনুসরণই মনে করি।
মাদরাসার শ্রদ্ধাভাজন মুহতামিম সাহেবের নিকট আমি আজ (২৭ রজব ১৪৩৯ হি.) থেকে প্রায় ৬ মাস পূর্বে (১৪৩৮ - ৩৯ হিজরি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা সমাপ্ত হওয়ার দুদিন আগে) বিদায়ের প্রসঙ্গটি উত্থাপন করেছি। পরে আরো দুবার দরখাস্তটি পেশ করেছি। এরপর তাঁর ঘনিষ্ট একজনের মাধ্যমে দরখাস্তটি পেশ করার ব্যক্তিগত কিছু কারণও তুলে ধরেছি। তারপর আজ থেকে প্রায় ১ মাস পূর্বে আমি নিজে পরপর দুদিন কিছুটা বিস্তারিতভাবে কিছু কারণ ব্যাখ্যা করেছি। উল্লেখ্য, আমি এখনও মাদানীনগর মাদরাসায় যথারীতি আছি। আলোচনা আগত শিক্ষাবছর নিয়ে। তো কিছু ব্যক্তিগত কারণই হলো মাদানীনগর থেকে আমার বিদায় গ্রহণের উপলক্ষ্য।
হযরত মুহতামিম সাহেব এবং মারকাযুদ্দাওয়ার মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেব দা. বা. ব্যতীত মাদরাসার অন্য কোনো উস্তাদের সঙ্গে আমি আমার যাওয়ার বিষয়ে কোনো কথা বলিনি। সুতরাং মুহতামিম সাহেব অথবা মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেব দা. বা. ছাড়া আমার যাওয়ার মূল কারণ কারো জানা থাকার কথা নয়। এমতাবস্থায় করণীয় দুটি-
১. مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْأِ تَرْكُهُ مَا لَا يَعْنِيْهِ হাদিসের উপর আমল করে কেউ আমার বিদায়গ্রহণের কারণ সম্পর্কে কোনো উক্তি করবেন না।
২. অন্যথায় সরাসরি তাঁদের থেকে জেনে তারপর কথা বলবেন।
শ্রদ্ধেয় মুহতামিম সাহেবকে আমি পরিষ্কার ভাষায় বলেছি, যদি কেউ আমার বিদায়গ্রহণকে ‘অমুক বিষয়ে তিনি নিজের অবস্থান নিয়ে পৃথক হয়ে গেছেন ’ বলে ব্যক্ত করেন, তাহলে তা অপবাদ বলে গণ্য হবে। অতএব সকলকে এমন ধারণা পোষণ করা থেকে বিরত থাকার জন্য আমি আন্তরিকতাপূর্ণ পরামর্শ দিচ্ছি; যেন আখেরাতের আদালতে এ খোঁড়া ওজর পেশ করতে না হয়, ‘আমাদেরকে তো সতর্ক করা হয়নি’।
মোটকথা, উম্মতের অনেক আকাবির যেমন নিজেদের বিভিন্ন ব্যক্তিগত কারণে অনেক সময় স্থান পরিবর্তন করেছেন, তাঁদের অনুকরণে আমিও আমার মুরুব্বিদের সঙ্গে পরামর্শপূর্বক কিছু ব্যক্তিগত প্রয়োজনে মাদানীনগর মাদরাসা থেকে অন্যত্র যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মুহতামিম সাহেবসহ মাদরাসার সকলের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক বজায় আছে। তাঁদেরও আছে আমার প্রতি অকৃত্রিম ভালোবাসা। আল্লাহ তাআলা এ বন্ধন স্থায়ীভাবে অটুট রাখুন। আমিন!
وَآخِرُ دَعْوَانَا أَنِ الحَمْدُ لِلهِ رَبِّ العالَمِينَ، اللهُمَّ أَحْسِنْ عاقِبَتَنَا فِي الأُمُوْرِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الآخِرَةِ، رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.
রোজনামচার পাতা থেকে
(২৭.৭.১৪৩৯ হিঃ / ২.১.১৪২৫ বঃ / ১৫.৪.২০১৮ ঈঃ)

No comments:
Post a Comment